• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পি.এম.
খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, “এরা মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা কখনো দেশ চালাতে পারে না। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা দেশদরদি হতে পারে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে এ জনসভায় অনুষ্ঠিত হয়।

একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নারী সমাজকে অবমাননার অভিযোগ করে তারেক রহমান বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পরে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলেছেন, এভাবে আইডি হ্যাক হয় না। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা কথা বলা হচ্ছে। এদের একটাই পরিচয়-এরা মিথ্যাবাদী।নিজেদের স্বার্থে ধর্মকেও ব্যবহার করা হচ্ছে।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও জনগণের মত প্রকাশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল।

এই সময়ে যারা কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কিভাবে তাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে, গুম-খুন ও মিথ্যা মামলার শিকার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও ২০২৪ সালের জুলাই-আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বঞ্চিত অধিকার পুনরুদ্ধার করবে।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। তবে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পিছনে রেখে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, “দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী না করে যত পরিকল্পনাই নেওয়া হোক, দেশ পুনর্গঠন সম্ভব নয়। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মেয়েদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, যাতে তারা কারো ওপর নির্ভরশীল না থাকে।

একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

খুলনাকে পুনরায় শিল্পনগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে শিল্পাঞ্চলটি প্রায় মৃত অবস্থায় রয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিল্প পুনরুজ্জীবিত করা হবে এবং নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের যুব সমাজের জন্য আইটি পার্কসহ আধুনিক কর্মসংস্থানমুখী অবকাঠামো গড়ে তোলা হবে। প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। বিএনপি কাজ করে দেশের জনগণের জন্য, কোনো গোষ্ঠীর জন্য নয়।

এই দেশের গণতন্ত্রের সব সংগ্রাম ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষ কখনো ধর্ম, বর্ণ বা পরিচয় দেখেনি। সবাই একসাথে নেমেছিল মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই এক কাতারে দাঁড়িয়েছে। কারণ আমাদের সামনে ছিল একটাই লক্ষ্য: গণতন্ত্রের রাজপথ।

তারেক রহমান বলেন, বাংলাদেশ বহু বছর ধরে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। বিএনপি সেই ঐক্যকে ধারণ করে সব ধর্ম ও সব শ্রেণির মানুষকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, অধিকারসমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। যে বাংলাদেশে প্রতিটি মানুষ তার ব্যক্তি ও নাগরিক অধিকার নিয়ে মর্যাদার সাথে বাঁচবে।

এই অধিকার সহজে আসেনি। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে রাজনৈতিক অধিকার অর্জিত হয়েছে। তাই কেউ যেন আবার এই অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি সতর্ক বলেন, কিছু গোষ্ঠী বিভ্রান্তি, ষড়যন্ত্র ও ভয় তৈরি করে ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। এসব চক্রান্ত মোকাবিলায় জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তারেক রহমান দাবি করে বলেন, দেশের অন্যান্য দলের তুলনায় বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অভিজ্ঞতা বিএনপির আছে। অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন-এই ইতিহাসই বিএনপির শক্তি।

 তারেক রহমান আরও বলেন, ‘সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের  স্লোগান একটাই-করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে: ইশরাক
নারীদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে: ইশরাক
নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য লজ্জাজনক
সেলিমা রহমান: নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য লজ্জাজনক
আইডি হ্যাকের দাবি রহস্যজনক: রুহুল কবির রিজভী
আইডি হ্যাকের দাবি রহস্যজনক: রুহুল কবির রিজভী