• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির বিরুদ্ধে এনসিপি-জামায়াত জোটের প্রচারে বাধা ও হামলার অভিযোগ

ভিওডি বাংলা ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

এনসিপি ও জামায়াত সমন্বয়ে গঠিত ১১ দলীয় জোট অভিযোগ করেছে, বিএনপি সারাদেশে তাদের প্রার্থী ও কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে এবং সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন এলাকায় জোটের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, লিফলেট বিতরণে বাধা দেওয়া হচ্ছে এবং কর্মীদের মারধর করা হচ্ছে।

ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক ও প্রার্থীর ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া নাটোর-৩ সিংড়া আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী এস এম জার্জিস কাদিরের কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং কর্মীদের মারধর করেছে। এতে অন্তত পাঁচজন আহত হন।

নোয়াখালী-৬ হাতিয়া আসনে ৩০ জানুয়ারি ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির সন্ত্রাসীদের যৌথ হামলায় এনসিপি ও জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের ওপর ধারালো অস্ত্র ব্যবহারেরও উল্লেখ রয়েছে। একই এলাকায় তমরদ্দি ইউনিয়নের এনসিপি কার্যালয় ভাঙচুর ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে। পরদিন তালতলা বাজারে পথসভায় ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি নেতারা সাধারণ ভোটারদের ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট না দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও হয়রানির কথাও উল্লেখ করা হয়। বলা হয়, ভোট প্রচারে ঘরে ঘরে গেলে তাদের গালাগাল, সাইবার বুলিং, শারীরিক নির্যাতন, এমনকি হিজাব ও নিকাব খুলে নেওয়ার ঘটনাও ঘটছে। জোট সরকারের কাছে দেশব্যাপী নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে বিএনপির শেরপুর-৩ আসনের প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সোমবার হাইকোর্ট বেঞ্চ (বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফ) এ আদেশ দেন। জোটের অভিযোগ, এতে সহিংসতার ঝুঁকি বেড়েছে।

এনসিপি আরও অভিযোগ করেছে, দলীয় প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইসহ রাষ্ট্রীয় সংস্থাগুলো বিএনপিকে সহায়তা করছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, এসব সংস্থার জরিপের ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, যা তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে।

গণভোট সম্পর্কেও জোটের অভিযোগ, বিএনপি তৃণমূল পর্যায়ে ‘হ্যাঁ’ ভোটকে স্বাধীনতা ও ইসলামবিরোধী হিসেবে প্রচার করছে।

এছাড়া কৃষিঋণ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়েছে। জোটের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশ অবৈধভাবে বিএনপিকে সহায়তা করতে তথ্য সংগ্রহ করছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদের সামনে পরিচ্ছন্ন-প্রগতিশীল রাজনীতি তুলে ধরার আহ্বান আবদুস সালামের
ছাত্রদের সামনে পরিচ্ছন্ন-প্রগতিশীল রাজনীতি তুলে ধরার আহ্বান আবদুস সালামের
এম এ মালিকের সমর্থনে তাহসীনা রুশদির লুনা
এম এ মালিকের সমর্থনে তাহসীনা রুশদির লুনা
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস