আমিনুল হক
‘জান্নাতের টিকিট’ দিয়ে ভোট কেনার অপচেষ্টা করছে

একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার লোভে বিভোর হয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে রাজধানীর রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিপক্ষ দল ‘জান্নাতের টিকিট’ দেওয়ার নামে ধর্মীয় অপব্যাখ্যা ছড়াচ্ছে এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।
এদিন সকাল থেকে আমিনুল হক এলাকায় ঘরে ঘরে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষে ভোট চান। এ সময় সাধারণ মানুষ তাকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন।
আমিনুল হক অভিযোগ করে বলেন, একটি দল (জামায়াত) ভোটারদের এনআইডি নম্বর সংগ্রহ করে ভোট জালিয়াতির অপচেষ্টা চালাচ্ছে এবং বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এসব অভিযোগের পক্ষে ভিডিও ক্লিপসহ পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যা ইতোমধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। দ্রুত নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছেও তা দাখিল করা হবে।
তিনি বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহ ও রাসুলে বিশ্বাস করি। কিন্তু কেউ ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে—এটি ভয়ংকর মিথ্যাচার। জান্নাতের মালিক একমাত্র আল্লাহ।
প্রতিপক্ষ দলের নেতাদের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। যেখানে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার কথা বলা হচ্ছে, সেখানে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টাকেও তিনি ‘পাগলামি’ হিসেবে উল্লেখ করেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে আমিনুল হক বলেন, আমরা ১৭ বছর ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি। জনগণের রায়ই শেষ কথা। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও জানান, তিনি ও তার নেতাকর্মীরা শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছেন এবং অন্য দলগুলোকেও গণতান্ত্রিক আচরণের আহ্বান জানান।
ভিওডি বাংলা/ এস/ আ







