হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম

হিন্দি সিনেমা জগতে ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না ইয়ামি গৌতমের। বহু প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও প্রথমে সাফল্য পাননি তিনি। বরং ফরসা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছিলেন। এমনকি গুঞ্জন আছে, খোদ নামী ডিজাইনার মণীশ মালহোত্রাও তাকে বিয়ের পোশাক দেওয়ায় অস্বীকৃতি জানিয়েছিলেন।
সম্প্রতি ‘হক’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন ইয়ামি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার তিনি হাজির হচ্ছেন হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে, এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’। এই ছবিতে মারপিট এবং রণংদেহি দৃশ্যে তার জন্য কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছে। ইতোমধ্যেই দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় শুটিং শুরু করেছেন ইয়ামি।
বিশেষ করে পাকিস্তানের লিয়ারি শহরের আদলে তৈরি সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন এই অভিনেত্রী। ওই একই লোকেশনে আগে সঞ্জয় দত্ত ও রণবীর সিংয়ের নানা লুক ক্যামেরাবন্দি হয়েছে পাপারাজ্জিদের মাধ্যমে। ‘হক’-এ তার অভিনয় দেখে আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর সবাই প্রশংসা করেছেন, আর এবার ‘ধুরন্ধর ২’-এ তার কাস্টিং নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে।
অনেকে এই কাস্টিংকে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিয়েছেন। অভিযোগ, পরিচালক আদিত্য ধর তার স্ত্রী হওয়ার কারণে এই বড় প্রজেক্টে ইয়ামির জায়গা হয়েছে। এমনকি পরিচালকের ভাইকে সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়াকে নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ভিওডি বাংলা/এমএস







