তাইওয়ানে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে সাবধান হতে হবে, ট্রাম্পকে বললেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) এই ফোনালাপ অনুষ্ঠিত হয়, খবর জানিয়েছে বিবিসি।
শি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে স্বশাসিত এই দ্বীপে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ‘সাবধান’ হতে হবে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই তথ্য প্রকাশ করেছে। তিনি আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ‘বিশেষ গুরুত্ব দেন’ এবং বেইজিং ও ওয়াশিংটন মতপার্থক্য সমাধানের উপায় খুঁজে বের করতে পারবে বলে আশাবাদী।
এর আগে ট্রাম্পও শির সঙ্গে আলাপচারিতা ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে ‘দীর্ঘ ও বিস্তৃত’ আলোচনা হয়েছে এবং আগামী এপ্রিলে তিনি চীনে সফর করবেন, যা তিনি ‘আগ্রহভরে’ প্রত্যাশা করছেন।
ফোনালাপের পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীন ২ কোটি টন সয়াবিন কেনার কথা ভাবছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “চীনের সঙ্গে সম্পর্ক এবং আমার সঙ্গে প্রেসিডেন্ট শি’র ব্যক্তিগত সম্পর্ক এখন খুবই ভালো। এটি বজায় রাখা কত গুরুত্বপূর্ণ, আমরা দুজনেই তা বুঝি।”
এদিকে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ানকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ডিসেম্বরেই তাইওয়ানে অত্যাধুনিক রকেট লঞ্চার, স্বচালিত কামান এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্রসহ মোট ১,১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে।
ভিওডি বাংলা/এমএস







