চমক দিয়ে মোস্তাফিজকে দলে নিল লাহোর কালান্দার্স

এর আগে দুই মৌসুম পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এবার তাকে ঘিরে কিছুটা শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কার মেঘ কাটতে খুব বেশি সময় লাগেনি। বরং চমক দিয়েই টাইগার এই পেসারকে দলে ভেড়াল লাহোর কালান্দার্স।
বর্তমান সময়ের ‘হট কেক’ এই বাঁহাতি পেসারকে এবার সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স।
বিবৃতিতে তারা জানায়, ‘আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, তিনি এবার আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন। অবশেষে তিনি আবারও পরিবারের মাঝে ফিরে এসেছেন।’
মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
এর আগে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজের। তবে আসর শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। পরবর্তীতে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল।
এরপরই মোস্তাফিজকে দলে নেওয়ার আগ্রহ দেখায় পিএসএল কর্তৃপক্ষ। আজ সেটির বাস্তবায়নও দেখা গেল। ৩০ বছর বয়সী এই পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএলের অফিসিয়াল পেজে লেখা হয়, ‘মোস্তাফিজুর রহমান—পিএসএলের নতুন যুগে স্বাগত।’
এর আগে ২০১৮ সালের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তার অভিজ্ঞতা, পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে নিতে আগ্রহী ছিল বেশ কয়েকটি দল। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে সরাসরি চুক্তিতে সাবেক এই তারকাকেই দলে টানল লাহোর কালান্দার্স।
ভিওডি বাংলা/ আরিফ







