• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি হতে দেব না: জামায়াত আমির

নওগাঁ প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পি.এম.
নওগাঁ এটিম মাঠে জেলা নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল বারবার ক্ষমতায় গিয়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছে, কিন্তু জনগণকে ক্ষমতায়িত করেনি। তারা শুধু কোটি কোটি টাকা লুট করেছে এবং মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে।

তিনি বলেন, ‘ইতোপূর্বে যারা ক্ষমতায় ছিল, জনগণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের তাড়িয়েছে, তারা প্রায় ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো ধরনের দুর্নীতি হতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় নওগাঁ এটিম মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো গোষ্ঠী, দল বা বিশেষ শ্রেণির মানুষের বিজয় চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আর সেই বিজয় নিশ্চিত করতে হলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।’

তিনি বলেন, ‘যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল এবং রক্ত দিয়েছিল, সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সেই প্রতিফলন ঘটাতে না পারলে প্রকৃত গণতন্ত্র ও মানুষের মুক্তি আসবে না।’

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নারীদের বিষয়ে দেওয়া তার বক্তব্য ভাইরাল হওয়া প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘পাঁচ দিন ধরে আমার ওপর মিসাইল মারা হচ্ছে। আমার এক্স আইডি হ্যাক করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। যারা এসব করছে তারা দেশকে গোলাম বানাতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না; পরিবারতন্ত্র বজায় রাখতে চায়। অথচ আমরা একসঙ্গে লড়াই করেছি। আমি তাদের ক্ষমা করে দিয়েছি।’

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেকার ভাতা দিয়ে জাতিকে পঙ্গু করতে চাই না। যুব সমাজকে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে চাই, যাতে তারা দেশে-বিদেশে কাজ করে দেশের সম্মান বাড়াতে পারে।’

নির্বাচনে জয়লাভ করলে নওগাঁয় চার লেনের সড়ক নির্মাণ, একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অঙ্গীকার করেন জামায়াত আমির। পাশাপাশি নওগাঁকে উত্তরাঞ্চলের কৃষি গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, ‘নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আম ও লিচু উৎপাদনের জন্য প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলার দাবি রাখে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেই দাবি পূরণ করা হবে।’ এছাড়া নওগাঁয় ধান ও ফল গবেষণা ইনস্টিটিউট এবং একটি কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপনের আগ্রহও প্রকাশ করেন তিনি।

জেলা জামায়াতে ইসলামীর আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, রাজশাহী অঞ্চল প্রধান অধ্যক্ষ শাহাব উদ্দিন, নওগাঁ-১ আসনের প্রার্থী অধ্যাপক মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-৬ আসনের প্রার্থী মাস্টার খবিরুল ইসলাম, শরিক দল এবি পার্টির নেতা অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, জুলাইযোদ্ধা ফিরোজ হোসেন এবং ২৪-এর শহীদ শারমিনের মা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার
সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য
২৮ নেতা-কর্মী বহিষ্কার সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য
শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি জাপা প্রার্থীর
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি জাপা প্রার্থীর