• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসনাত আবদুল্লাহ

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিরোধ করতে হবে

কুমিল্লা প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পি.এম.
বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের যারা সীমান্ত পার করে দিয়েছে, তারা যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে তা প্রতিরোধ করতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কে বি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজি করা ব্যক্তি কিংবা সুদে টাকা দেওয়া মানুষও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক। এমনকি মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিরাও চায় তাদের সন্তান একটি সুন্দর পরিবেশে বড় হোক। তিনি বলেন, এসব মানুষ জানে—একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়েই তা সম্ভব, আর সেই ঐক্য কেবল ১১-দলীয় জোটের মাধ্যমেই বাস্তবায়ন করা যাবে।

তিনি আরও বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার প্রশাসনের প্রতি তারা আস্থা রাখতে চান যে, এবারের নির্বাচনে প্রশাসনকে কেনা যাবে না। এসপি বা এসআইদের জন্য আলাদা কোনো খাম বা টাকা লাগবে না। বিবেকের তাড়না, পেশার মর্যাদা ও পোশাকের সম্মান রক্ষা করে তারা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবেন—প্রয়োজনে জীবন দিয়েও।

ভোটারদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ভোটের দিন সকাল সাড়ে সাতটার মধ্যেই মা-বোনদের ভোটকেন্দ্রে চলে যেতে হবে এবং ভোট দিয়ে বাড়িতে ফিরে নাস্তা করতে হবে। তিনি দাবি করেন, দেশে নীরব এক পরিবর্তন ইতোমধ্যেই শুরু হয়েছে। সিএনজি চালক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ পরিবর্তন, মুক্তি ও শান্তি চায়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং পিছু হটার প্রয়োজনও নেই। ১১-দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দিতে জনগণ প্রস্তুত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ বিজয় নিয়েই তারা সংসদে যাবেন।

চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী এবং ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী উঠান বৈঠকে স্বামী'র পক্ষে ভোট চাইলেন স্ত্রী
কুড়িগ্রাম-২ আসন নির্বাচনী উঠান বৈঠকে স্বামী'র পক্ষে ভোট চাইলেন স্ত্রী
লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি রয়েছে
মঞ্জু লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি রয়েছে
আলোকিত উলিপুর গড়তে হাত পাখায় ভোট দিন: আক্কাস আলী
আলোকিত উলিপুর গড়তে হাত পাখায় ভোট দিন: আক্কাস আলী