• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই:  হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পি.এম.
মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না এবং রাজনৈতিক প্রতিহিংসার বদলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবে। ঢাকা-৯ একটি নির্যাতিত, নিপীড়িত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকা। এই এলাকার মানুষের গ্যাস সংকট, জলাবদ্ধতা, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষা-সংক্রান্ত নানা সমস্যা রয়েছে।আগামী দিনে এই এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানী মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন,  তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃহত্তর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন।

হাবিব বলেন, রাজনৈতিক জীবনে তাকে শতাধিক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে। সাতবার কারাগারে যেতে হয়েছে, আট বছর সাজা ভোগ করতে হয়েছে এবং ৮৬ দিন ডিবির রিমান্ডে থাকতে হয়েছে। দুইবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং চারটি গুলির আঘাত পেয়েছেন তিনি। এসব অভিজ্ঞতার পরও তিনি প্রতিহিংসার রাজনীতি করতে চান না বলে জানান।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া প্রয়োজন। আত্মীয়স্বজনসহ সবাই ভোট দিতে গেলে এলাকার উন্নয়ন সম্ভব হবে । এবং জনগণ যদি ধানের শীষে ব্যাপক ভোট দেয়, তবে তিনি দলের কাছে গিয়ে বলতে পারবেন এই এলাকার মানুষ  ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে, তাই এই এলাকার উন্নয়নই সবার আগে নিশ্চিত করতে হবে। 

নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে হাবিব বলেন, তিনি ৫৪ বছর ধরে এই এলাকায় বেড়ে উঠেছেন এবং ৩৮ বছর ধরে রাজনীতি করছেন। ভবিষ্যতেও তিনি এই এলাকাতেই থাকবেন। এলাকার মানুষের সমস্যাগুলোকে নিজের সমস্যা হিসেবে দেখেন।
 
হাবিবুর রশিদ হাবিব বলেন, অনেকেই প্রশ্ন করেন তিনি কীভাবে এই এলাকা থেকে বিজয়ী হবেন। উত্তরে তিনি বলেন, তিনি এই এলাকার সন্তান এবং মুরুব্বিদের ভালোবাসা পাচ্ছেন। বাবা নেই  আজ তাঁর হাজার হাজার অভিভাবক, ভাই ও বোন রয়েছে। যাদের এত অভিভাবক, ভাই ও বোন রয়েছে, তিনি কোনো দিন পরাজিত হতে পারেন না ।

তিনি বলেন, আগামী দিনে ঢাকা-৯ আসনকে নিরাপদ রাখতে চান তিনি। এলাকা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করেন। এ প্রসঙ্গে তিনি বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, যারা এলাকার ক্ষতি করবে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও শাস্তির ব্যবস্থা করা হবে।

হাবিব আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। তিনি চান, ঢাকা-৯ এলাকার মানুষ নিরাপদ ও ঐক্যবদ্ধ থাকুক এবং সবাই মিলেই এলাকার উন্নয়নে কাজ করুক।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেঞ্চুগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে এম এ মালিক
ফেঞ্চুগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে এম এ মালিক
জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা জিজ্ঞাসা করুন
মির্জা ফখরুল: জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা জিজ্ঞাসা করুন
নামে মাত্র আমরা সিটি করপোরেশনের আওতাধীন : রবিন
নামে মাত্র আমরা সিটি করপোরেশনের আওতাধীন : রবিন