নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তা বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান।
বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকী। তাদের দুজনকেই ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
রাজশাহীর সারদায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এবং বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে, এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) এবং বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
ভিওডি বাংলা/ আ







