আমি তো দুই সন্তানের বাবা হতে চলেছি: রণবীর সিং
বলিউড তারকা রণবীর সিং পর্দায় যেমন প্রাণবন্ত, বাস্তব জীবনেও তেমনি রসবোধের জন্য পরিচিত। সম্প্রতি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ঘটে যাওয়া একটি মজার মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এক নারীর ফ্লার্টের জবাবে রণবীরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নজর কেড়েছে নেটিজেনদের।
ভাইরাল হওয়া ভিডিওটি একটি ব্র্যান্ড ক্যাম্পেইনের শুটিংয়ের। শুটিং চলাকালে কফি ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য কাজ বন্ধ হয়ে যায়। সেই বিরতিতে পরিবেশকে স্বাভাবিক করতে রণবীরের সঙ্গে কথোপকথন শুরু করেন ডীক্ষা নামে এক নারী।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, কফি তৈরির পুরো প্রক্রিয়াটি যেন একটি কেমিস্ট্রি ল্যাবের মতো মনে হচ্ছিল। তিনি মজা করে বলেন, তিনি কফির ‘কেমিস্ট্রি’র কথা বললেও রণবীর সেটিকে ‘ভালোবাসার কেমিস্ট্রি’ হিসেবে নিয়েছিলেন।
কথোপকথনের একপর্যায়ে রণবীর হাসতে হাসতে বলেন, “কত ফ্লার্ট করছ! আমি তো দুই সন্তানের বাবা হতে চলেছি।” অভিনেতার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভেসে যান রণবীর। একজন মন্তব্য করেন, “ওর এই স্বতঃস্ফূর্ত আচরণই সবচেয়ে ভালো লাগে।” আরেকজন লেখেন, “প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকা কাউকে ফ্লার্ট করা ঠিক নয়।” অন্য একজনের ভাষ্য, “রণবীরের মধ্যে এখন অনেক শান্তভাব দেখা যাচ্ছে।”
উল্লেখ্য, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান কন্যা দুয়া পাড়ুকোন সিং-কে স্বাগত জানান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। তবে এ বিষয়ে রণবীর বা দীপিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কাজের ক্ষেত্রে রণবীর বর্তমানে পরিচালক জয় মেহতার জম্বি থ্রিলার ‘প্রলয়’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কল্যাণী প্রিয়দর্শন।
ভিওডি বাংলা/তা









মন্তব্য