মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগ ও শাস্তি যথেষ্ট নয়, বরং এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটা ছাড়া আমার মতে, বিকল্প কোনো উপায় নেই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।"
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সমাজের প্রতিটি মানুষের সামনে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বিসিবির পরিচালক মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য