যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও অভিভাবকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সূত্র জানায়, যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপির বাড়ির বিপরীতে থাকা আল মাদ্রাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিক্ষার্থীকে সোমবার মারধরের অভিযোগ ওঠে অনন্যার বিরুদ্ধে। একই ঘটনাকে কেন্দ্র করে তিনি আবারও শিশু শিক্ষার্থী ও তাদের কয়েকজন অভিভাবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, এক পর্যায়ে একজন অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের সময় কয়েকজন বাড়ির গেটে ধাক্কা দেন এবং ইটপাটকেল নিক্ষেপে জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছিল। বিক্ষোভকারীরা সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমপির পরিবারের সদস্যদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ।
ভিওডি বাংলা/জা









মন্তব্য